২৩ বছর আগে ২০০৩ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তরুণ বাংলাদেশ ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দুটোতেই হেরেছিল ইনিংস ব্যবধানে। সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারটা ইনিংস এবং ১৩২ রানে।
১৮ জুলাই প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ।
ব্যাটিংয়ে নেমে ম্যাকগ্রা-ব্রেট লিদের সামনে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, সেই সঙ্গে সুজনরা খেলতে পারেননি প্রথম দিনের দুই সেশনও।
মাত্র ৪২.২ ওভার ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছিল মাত্র ৯৭ রান।
২৩ বছর পর যেন সেই প্রথম টেস্টের প্রথম দিনের প্রতিশোধই নিল বাংলাদেশ!
সকালটা শুরু হয়েছিল সাধারণ এক রুটিন টস দিয়ে। বিকেলে শেষ হলো এমন এক অবস্থায়, যা বাংলাদেশ ক্রিকেটের স্মৃতির ভান্ডারে খোদাই হয়ে গেল। .
কে ভেবেছিল, বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানেই অলআউট হবে অস্ট্রেলিয়া? আবার দিন শেষে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলবে, তাই-বা কে ভেবেছিল?
বাংলাদেশের এমন স্বপ্নের দিনের পর সবার মনে একই প্রশ্ন, সর্বশেষ কবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সফরকারী দলের প্রথম দিনটা এমন স্বপ্নের মতো গেছে?

